রাজপুত চিত্রকলা
রাজপুত চিত্রকর্ম বা রাজস্থানের চিত্রকর্ম, মূলত ১৭ এবং ১৮ শতকের সময়কালে, উত্তর ভারতের রাজপুতানা রাজদরবারে বিকশিত হয়েছিল এবং উন্নতি লাভ করেছিল।[১] মুঘল চিত্রশিল্পের সূক্ষ্ম রীতিতে প্রশিক্ষিত শিল্পীদের রাজকীয় মুঘল দরবার থেকে ভিন্ন ভিন্ন স্থানে পাঠানো হয়েছিল, তারা চিত্রকর্মের স্থানীয় ঐতিহ্যগুলি থেকে শৈলীর বিকাশ করেছিল, বিশেষত হিন্দু ধর্মীয় মহাকাব্য মহাভারত এবং রামায়ণকে চিত্রিত করেছিল।
শিল্পী নিহাল চাঁদ অংকিত আঠারো শতকের একটি রাজপুত চিত্রকর্ম।
গোধুলি, মেওয়ার, ১৮১৩ সাল
অঙ্কনের বিষয়গুলি পরিবর্তিত হত, তবে সাধারণত শাসক পরিবারের প্রতিকৃতি, শিকার বা তাদের প্রতিদিনের ক্রিয়াকলাপ নিয়ে অঙ্কিত চিত্রগুলি জনপ্রিয় ছিল, এর পাশাপাশি মহাকাব্য বা হিন্দু পুরাণ থেকে বর্ণিত দৃশ্য এবং নামহীন ব্যক্তির কিছু প্রতিদিনকার চিত্রও জনপ্রিয় হয়েছিল। নির্দিষ্ট খনিজ, উদ্ভিদ উৎস, শঙ্খের খোলক থেকে রঙ নিষ্কাশিত করা হত, এমনকি মূল্যবান পাথর প্রক্রিয়াজাত করেও রঙ নিষ্কাশিত হত। স্বর্ণ ও রূপা ব্যবহার করা হত। একটি দীর্ঘ প্রক্রিয়ার পর কাঙ্ক্ষিত রঙ পাওয়া যেত, কখনও কখনও ২ সপ্তাহ লেগে যেত। ব্যবহৃত তুলিগুলি খুব সূক্ষ্ম ছিল।



